মাদারীপুর-১ আসনের শিবচরে বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারের উঠান বৈঠকে অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে সংসদ নির্বাচনকে সামনে রেখে নাদিরা আক্তারকে সমর্থন জানান তাঁরা। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের অযথা হয়রানি না করার প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার খান বাড়িতে এই নির্বাচনী উঠান বৈঠক হয়।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্যসচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা। আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাহার বেপারি, ফাহিমা আক্তার, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর এবং বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকেরা।
বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন, ‘সবার আগে শিবচর। আমরা এক ও ঐক্যবদ্ধভাবে চলব। ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘আগামীতে কারও নামে কোনো মিথ্যা মামলা থাকবে না। নির্বাচনের পর কাউকে কোনো অযথা হয়রানি করা হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে শিবচরকে গড়ব।’