মাদারীপুর জেলার শিবচরে মনিকা আক্তার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এরপর স্থানীয়রা ওই মাদক কারবারির বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে।
জানা গেছে, শিবচরের কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেশবপুর গ্রামের মনিকা আক্তার দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলেন। রোববার ওই বাড়ি থেকে ইয়াবা কিনে ফেরার সময় জব্বার হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের টিম ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করলে জব্বার হাওলাদারের দেওয়া তথ্যমতে অভিযান চালায় মাদক কারবারি মনিকা আক্তারের বাড়িতে। অভিযানের খবর টের পেয়ে গা ঢাকা দেন মনিকা। এ সময় তাঁর বাড়ি থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা, একাধিক মোবাইল ফোন, হাতঘড়ি এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। ইয়াবাসহ হাতেনাতে আটক হওয়া জব্বার হাওলাদারকে এক বছরের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে এক দিন আত্মগোপনে থাকার পর সোমবার বাড়িতে এলে মাদক কারবারি মনিকাকে আটক করে শিবচর থানা-পুলিশ। পরে ক্ষুব্ধ এলাকাবাসী মনিকার বসতবাড়ি ভাঙচুর করে।
স্থানীয়রা বলেন, ‘মনিকা দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার বাড়িতে ইয়াবার আড্ডা বসে। স্থানীয়ভাবে তাকে নিষেধ করা হলেও সে কারও কথা শুনত না।’
শিবচর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়। রাতে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাঁকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘রোববার আমরা ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, বেশ কটি মোবাইল ফোন, হাতঘড়ি একটি প্রজেক্টর এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করি। ওই সময় এক ব্যক্তিকে মাদকসহ ধরার পর তাকে এক বছরের সাজা দেওয়া হয়। টের পেয়ে মূল মাদক কারবারি পালিয়ে যায়। এর পরের দিন সোমবার রাতে পুলিশ মাদক কারবারি ওই নারীকে গ্রেপ্তার করে।’