হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিগত ১৭ বছরের বর্ণনা করার প্রয়োজন নেই। আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠন করা হয়েছে। এখন নতুনভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। এই যাত্রাকে অনেক দূর এগিয়ে নিতে হবে।

আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী এসব কথা বলেন। শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হবে। দলমত-নির্বিশেষে সবাই মিলে দেশের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী রাখতে হবে। অন্তত নিয়মিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারলেও বাংলাদেশে উন্নয়ন সম্ভব হবে।

মন্ত্রী বলেন, গত ১৭-১৮ বছরে বাংলাদেশের ইতিহাস ভালো ছিল না। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ওই পরিস্থিতি মোকাবিলা করেছেন। এখন দেশে একটি স্বাভাবিক জীবন ফিরে এসেছে। এই স্বাভাবিক পরিস্থিতি ধরে রাখতে হবে।

গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পানিসম্পদমন্ত্রী বলেন, দলমত-নির্বিশেষে সবাই মিলে গণতন্ত্রকে সুদৃঢ় করাই এখন মূল কাজ। তা না হলে পদে পদে বাধার মুখে পড়তে হবে। এ জন্য সবাইকে সহযোগিতার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করা অত্যন্ত জরুরি।

সংসদীয় আলোচনা ও রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা একেকজন একেক ইস্যুতে কথা বলি। পার্লামেন্টে আমরা সুন্দর আলোচনাও করি। কিন্তু বাইরে গিয়ে সেই আলোচনা আমরা অনেক সময় ধরে রাখতে পারি না। আবার আমরা একটু রেগে যাই, আমরা আবার অন্য কর্মসূচিতে চলে যাওয়ার চেষ্টা করি। যেটা অনেক সময় দেশের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য সবদিক থেকে চিন্তা করে আমাদের পদক্ষেপ নিতে হবে।’

অনুষ্ঠানে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ অনেকে।

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান: পাঁচ দিনে আটক ৭৮৮

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, লক্ষ্মীপুরের সেই নেতা গ্রেপ্তার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে হাত-পা বেঁধে মারধর, আটক ২