কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কৃষিজমিতে ধান রোপণের সময় বজ্রপাতে শফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের সাদুরবাড়ি এলাকার রেজেক মিয়ার ছেলে।
সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ টিটু জানান, নিজ জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল ইসলাম। বেলা সাড়ে ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে অন্যরা বাড়িতে চলে গেলেও তিনি জমিতে ধান রোপণ করতে থাকেন। একপর্যায়ে বজ্রপাতে মৃত্যু হয় তাঁর।
বৃষ্টি থামলে স্থানীয়রা জমিতে গিয়ে তাঁকে পড়ে থাকতে দেখেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চেয়ারম্যান। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।