শরীয়তপুরে চিকিৎসক নাসিরের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা-কর্মীরা। সংগঠনটির পক্ষ থেকে সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় কর্মরতদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানানো হয়।
আজ বুধবার (২০ মে) দুপুরে ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আয়োজনে হাসপাতাল চত্বরে এই মানববন্ধন হয়। কর্মসূচিতে কিশোরগঞ্জের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান। ড্যাবের এ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর শাদ সৈকতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মেডিকেল কলেজটির উপাধ্যক্ষ আকরাম আহসান জুয়েল; হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সাইফুল ইসলাম; নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক খালিদ আসাদ; মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক জহিরুল হক; সহযোগী অধ্যাপক আতাউর রহমান; ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ইউসুফ; জেলা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ৪৮তম বিসিএস কর্মকর্তা নাসির উদ্দিনের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।