হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক

ঝালকাঠি প্রতিনিধি

স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আউরা গ্রামের মল্লিকপাড়া এলাকার জলিল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ পেশায় ওষুধ ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামে। কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহান লিজার বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে তিনি একটি ফার্মেসি পরিচালনা করছিলেন।

স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পলাশ ও লিজার মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসের রায়হান বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।