ঝালকাঠি জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হায়দার হোসাইন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বেল্লাল হোসেন (৪০) আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ সোমবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল এশার নামাজ শেষে ঝালকাঠি শহরের গোরস্তান মসজিদ থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হায়দার হোসাইন। ২০০৫ সালে ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। ওই মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ সাত জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০০৭ সালের ২১ মার্চ। এর ২০ দিন পর হত্যা করা হয় হায়দার হোসাইনকে।
এ ঘটনায় পরদিন তাঁর ছেলে তারেক বিন হায়দার ঝালকাঠি থানায় হত্যা মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে ২০১০ সালের ১৭ জানুয়ারি জেএমবির পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।
২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
মৃত্যুদণ্ড বহাল থাকা পাঁচ আসামির মধ্যে বেল্লাল হোসেন এত দিন পলাতক ছিলেন। দীর্ঘদিন পর তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।