হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠি প্রতিনিধি

আজ মঙ্গলবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক ঘটনার বিবরণ তুলে ধরেন। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও অভিযানে সহযোগিতাকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়াসংলগ্ন নদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে জেলা মৎস্য কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে ভোর ৪টা ২০ মিনিটের দিকে কুমারখালীর জাঙ্গালিয়াসংলগ্ন এলাকায় পৌঁছালে ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা একদল ব্যক্তি তাঁদের গতিরোধ করেন। এ সময় তাঁদের হাতে রামদা ও লাঠিসোঁটা ছিল বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে ওই ব্যক্তিরা মৎস্য বিভাগের দলটির ওপর হামলা চালায়। এতে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে যান। এ ঘটনায় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আনসার ও ভিডিপির সদস্য, নৌকার মাঝি, চালকসহ সাতজন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন জেলা মৎস্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপির হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সেলিম মিয়া, নৌকার মাঝি মো. রেজাউল করিম, মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা।

মঙ্গলবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন।’

এনামুল হক আরও অভিযোগ করেন, হামলাকারীরা নৌকার চালক ও মাঝিদের মারধর করে এবং রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে অংশ না নিতে হুমকি দেয়। এ সময় মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তাঁরা ভবিষ্যতে মৎস্য বিভাগের অভিযানে সহযোগিতা না করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির অফিস, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন

বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৫

রাজাপুরে ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর

নলছিটিতে প্রায় সোয়া ৩ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষার অভিযানে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠি কারাগারে অসুস্থ, হাসপাতালে নারী হাজতির মৃত্যু

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জরিমানা

বিচারককে ধর্ষণ মামলার বাদী—‘আসামির সাজা হলে আমাকেও ফাঁসি দিতে হবে’

ঝালকাঠিতে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

ঘুষের অভিযোগ সাজিয়ে এএসআইকে ফাঁসানোর চেষ্টায় মামলা