জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আসকর আলী (৪০) এবং জাহিদুল ইসলাম (৩৫)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইনজীবী ফজলুল হক বলেন, গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩১ মার্চ রাতে এক গৃহবধূকে তাঁর ঘরে একা পেয়ে ধর্ষণ করেন আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে জামালপুর আদালতে ধর্ষণ মামলা করেন। ছয়জনের সাক্ষ্য নেওয়ার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় রায় দেন আদালত।