হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

হামলায় জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফারহানা বিনতে ফারুক, মেডিকেল অফিসার মো. সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স মো. ফজলুল হক সরকার এবং সিনিয়র স্টাফ নার্স রেবা রাণী বসুনীয়া।

মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, অফিস স্টাফ, হেলথ অ্যাসিস্ট্যান্ট, সিএইচসিপিসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

বক্তারা জানান, ঈদুল আজহার পরদিন গত ২৯ মে বিকেলে জরুরি বিভাগে এক শিশুর চিকিৎসা চলাকালে রোগীর স্বজনেরা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে রোগীর বাবা ফরিজল ইসলাম নয়ন স্থানীয় পল্লিচিকিৎসক চন্দ্র সরকারসহ আরও ১৪ থেকে ১৫ জনকে ডেকে এনে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, হামলাকারীরা হাসপাতালের চেয়ার-টেবিল ও দরজা ভাঙচুর করেন এবং দায়িত্ব পালনরত স্বাস্থ্যকর্মীদের ওপর লাঠি ও চেয়ার দিয়ে হামলা চালান। এতে দুজন কর্মচারী আহত হন।

বক্তারা বলেন, একটি সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর এ ধরনের হামলা শুধু নিন্দনীয় নয়, স্বাস্থ্যসেবার জন্যও বড় হুমকি। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে সাধারণ রোগীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি হাসপাতাল এলাকায় স্থায়ী নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

সুন্দরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

হাসপাতালে মৃত্যুশয্যায় দুই ব্যক্তি, পরিচয় মিলছে না

নিখোঁজের ১৫ দিন পর সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০

ক্রেতা নেই, সড়কেই চামড়া ফেলে গেছেন অনেকে

পলাশবাড়ীতে বাসচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

গাইবান্ধায় ঈদ উদ্‌যাপন করছেন ২১ মুসল্লি

মোটরসাইকেলে ফিরছিলেন গ্রামের বাড়ি, ট্রাকচাপায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত জজ

জামায়াত নেতার ডাকা খেয়াঘাট দখলে নিলেন বিএনপির আহ্বায়ক

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৫ মৃত্যু: যথাসময়ে নেই সহযোগিতা, মৃত্যুতে সহানুভূতির ঢল