হোম > সারা দেশ > গাইবান্ধা

করতোয়ায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে কিশোরের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

করতোয়া নদীর পাড়ে মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসলে নেমে আসিফ মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার খলসী এলাকার করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আসিফ মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আজ বিকেলে ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে আসিফ। একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসিফের মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, খবর খেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। নদীতে স্রোতের কারণে মরদেহটি ঘটনাস্থল থেকে দূরে যাওয়ায় উদ্ধারে সময় বেশি লেগেছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।