রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গত মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি চৌকস অভিযানকারী দল রাজধানীর যাত্রাবাড়ী থানার পাড়াডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ১২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৯০০ টাকাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম দুস মোহাম্মদ (৪৮)। তার বাবার নাম রাজ্জাক আলী। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গীখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধার হওয়া ইয়াবার অবৈধ বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।