হোম > সারা দেশ > ঢাকা

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার: কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাসহ ৮ জন রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

রাজধানীর উত্তরখান থানা এলাকায় একটি রিকশা গ্যারেজে বৈঠক থেকে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতাসহ ৮ জনকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন ৪৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে রায়হান (৩২) এবং যুবলীগের কর্মী মো. রাকিব (২৩), মো. তানভীর খান (২৬), মো. আবদুর রহমান (৪০), মো. সিফাত (২০), মো. মাহফুজুর রহমান (২৪), মো. আশিক মিয়া (২৩) ও মো. বকুল আহমেদ ওরফে রাজু (২৪)।

নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৮ জনকে আজ বিকেলে আদালতে হাজির করে উত্তরখান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম প্রত্যেকের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামি পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান দিপু রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর রাতে উত্তরখান এলাকার পুরানপাড়ার একটি অটো গ্যারেজের ভেতরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সংখ্যক সদস্য সরকার ও জনসাধারণের শান্তি বিনষ্টসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখান থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতপরিচয়ের আরও ২৫-৩০ জন পালিয়ে যান।

ওই ঘটনায় উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হোসেন বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।