রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় সৌরভ হালদার (২৫) নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার জানিয়েছে, বিষাক্ত কোনো দ্রব্য পান করার পর অসুস্থ হয়ে পড়েছিলেন সৌরভ।
পরিবার সূত্রে জানা যায়, সৌরভ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর রায়েরবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী গ্রামে। তাঁর বাবার নাম অমল হালদার।
সৌরভের বোন সানজিদা হালদার বলেন, একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সৌরভের। ওই মেয়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে মোবাইল ফোনে ঝগড়া হয় সৌরভের। এরপর বিষাক্ত কোনো দ্রব্য খেয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন সৌরভ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা-পুলিশকে জানানো হয়েছে।