হোম > সারা দেশ > ঢাকা

সীমান্ত থেকে মাদক এনে ঢাকায় সরবরাহ, ২ নারীসহ গ্রেপ্তার ৩

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

সীমান্ত থেকে মাদক এনে ঢাকার কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কদমতলীর পূর্ব দনিয়া ও পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‍্যাব।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা ১৫ মিনিটে পূর্ব দনিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ জেসমিন বেগম (৪২) ও মনি বেগম ওরফে মুক্তাকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

একই দিনে আরেকটি অভিযানে রাত সোয়া ৯টার দিকে পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আলী আজম ভূঁইয়াকে (৫৭) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে মাদক বেচাকেনার ২৫ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার তিনজন পেশাদার মাদক কারবারি। এঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কদমতলীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। এঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।