ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ক্যানটিনে একটি দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় ক্যাম্পাস এলাকার একজন রিকশাওয়ালা এবং হলের এক কর্মচারীর ছোট ভাই আহত হয়েছেন বলে জানা গেছে। তারা উভয়ে খাবার নেওয়ার জন্য ওই কাউন্টারের দিকে যান।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ সোমবার বেলা ২টা ৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে। ক্যানটিনের ভেতর খাবার বিতরণের কাউন্টারের দুই হাত সামনেই পাঁচ ফুটের দেয়ালটির অবস্থান। ক্যানটিনের ম্যানেজার মোবারক মজুমদার বলেন, ‘দুপুর আড়াইটার দিকে সবাই যখন খাওয়া দাওয়া করতেছে সেই মুহূর্তে এটি ধসে পড়ে। আশে পাশে দুইজন বাইরের লোক ছিল। তাঁরা সামন্য আঘাত পেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘১০ থেকে ১২ বছর আগে দেয়ালটি নির্মাণ করা হয়। তবে এর ভেতরে কোনো রড ছিল না। হয়তো এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রশীদ বলেন, ‘আমি একজন ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। তবে কেন এ ঘটনা ঘটলো তা আমরা খতিয়ে দেখছি।’