হোম > সারা দেশ > ঢাকা

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক ও দুটি গাড়ি জব্দের নির্দেশ, ব্যাংক হিসাবও অবরুদ্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, গাড়ি জব্দ ও তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম। ক্রোক করা জমির পরিমাণ ২৮৪ শতাংশ। এই জমিগুলো কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায় অবস্থিত। মুজিবুল হকের দুটি জিপ গাড়িও ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর নামে থাকা ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা জমি ক্রোক, গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, মুজিবুল হক রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ও অসৎ উদ্দেশ্যে ৭ কোটি ৩৪ লাখ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে দুদক অনুসন্ধান করে জানতে পেরেছে। এ অভিযোগে দুদক মামলা দায়ের করেছে।

তদন্তকালে জানা যায়, আসামির নামীয় ও তার স্বার্থ সংশ্লিষ্ট এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে ক্ষতির কারণ রয়েছে। এই অবস্থায় তার স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।