ঈদযাত্রার চাপ বাড়তেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা ও আশপাশের এলাকায় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা থেকে থেমে থেমে যানবাহন চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী ২৩ জেলার যাত্রী ও চালকেরা। অতিরিক্ত যানবাহনের চাপ, চন্দ্রা ত্রিমোড় এলাকায় ধীরগতিতে গাড়ি চলাচল এবং বিভিন্ন স্থানে যত্রতত্র গাড়ি দাঁড় করানোকে যানজটের প্রধান কারণ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী-নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, চন্দ্রা অংশ দিয়ে দেশের ২৩ জেলার মানুষ চলাচল করেন। আজ সন্ধ্যার পর থেকে মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় দুই লাখ মানুষ এ সড়ক ব্যবহার করলেও ঈদের সময় তা বেড়ে ১৫ থেকে ২০ লাখে পৌঁছে যায়। ফলে পুরোপুরি যানজট এড়ানো কঠিন।