কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। আজ সোমবার সকালে চট্টগ্রামে অবস্থিত কেজিডিসিএল এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কেজিডিসিএলের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য এলএনজি সরবরাহ বন্ধ থাকবে।
ফলে জাতীয় গ্রিডে মোট এলএনজি সরবরাহ কমে যাবে। এ সময়ে কর্ণফুলী গ্যাসের অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের মুখে পড়বেন।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ।