কক্সবাজারের উখিয়া-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে গাড়ি চাপায় হামিদ হোসেন নামে (৪) এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক।
নিহত হামিদ হোসেন বালুর মাঠ রোহিঙ্গা ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-বি/ইস্ট, সাব ব্লক-বি/ই (৩) এর বাসিন্দা সাকিনের ছেলে।
এ বিষয়ে এসপি নাইমুল বলেন, আজ সকালে হামিদ ঘর থেকে বের হয়ে উখিয়া-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের আমগাছতলা নামক স্থানে যায়। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়।
এসপি আরও বলে, ঘটনার পর স্থানীয়রা হামিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘুমধুম এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শিশুটির মৃত্যু হয়।