হোম > সারা দেশ > কক্সবাজার

ইনানীতে নলকূপ বসানোর পাইপ দিয়ে বের হচ্ছে আগুন, ৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

কক্সবাজার প্রতিনিধি

আগুন লাগার তিন ঘণ্টা পরও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আজ সকালে তোলা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার তিন ঘণ্টা পরও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহর বাড়িতে তিন-চার দিন ধরে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। নলকূপটি প্রায় ৯০০ ফুট গভীর করার পর মঙ্গলবার সকালে কাজ শুরু করলে হঠাৎ মাটির নিচ থেকে আগুন বের হতে থাকে।

মোহাম্মদ আবদুল্লাহ জানান, মঙ্গলবার সকালে নলকূপ স্থাপনের মিস্ত্রিরা কাজ শুরু করলে হঠাৎ মাটির নিচ থেকে আগুনের কুণ্ডলী বের হতে দেখেন তাঁরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তিন ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক কাইজার নূর বলেন, আগুন জ্বলতে থাকা স্থানের কাছেই ৩৩ কেভি বিদ্যুৎ লাইন রয়েছে। আগুন ছড়িয়ে পড়া ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

খবর পেয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক করা হচ্ছে।

ইনানীতে গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ ২৪ ঘণ্টা

নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে আগুন, ১২ ঘণ্টায়ও নেভেনি

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ২ দিনের রিমান্ডে সহকারী ব্যবস্থাপক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ জনের মরদেহ হস্তান্তর, ডোবায় মিলল মুক্তার মরদেহ

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: জামিনযোগ্য ধারায় মামলা, ওসিকে তলব

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি মুক্তার ডিএনএ

কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু করল মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

কক্সবাজার মেরিন ড্রাইভে অবৈধ রিসোর্ট উচ্ছেদ অভিযান শুরু

সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে যা জানাল পরিবেশ মন্ত্রণালয়

অধিকাংশ হোটেল-রিসোর্টে নেই অগ্নিনির্বাপণ যন্ত্র ও জরুরি পথ