হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁচল না ট্রেনের ধাক্কায় গুরুতর আহত সেই শিশুও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ষোলোশহর রেলক্রসিং এলাকায় ট্রেন দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলোশহর রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ১০ বছরের শিশু রাহাত হাসপাতালে মারা গেছে। এর আগে রেললাইনে থাকা রাহাতকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন দেলোয়ার হোসেন মিন্টু (৫৫)। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন রাহাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

নিহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেক সাহেবের বাসার মো. ফারুকের ছেলে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে বলেন, রেললাইনের ওপর থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে দুপুরে ট্রেনের ধাক্কায় একজন নিহত হন। শিশুটিও আহত হয়েছিল। সন্ধ্যার পর শিশুটি মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মিন্টু রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে রাহাত রেললাইনের ওপর চলে যায়। ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আসতে দেখে শিশুটিকে বাঁচাতে দৌড়ে যান মিন্টু। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত রাহাতকে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।