হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট, কয়েক ঘণ্টা পর মিলল নরসুন্দরের ঝুলন্ত লাশ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

নেপাল রবি দাশ। ছবি: সংগৃহীত

ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন’ লিখে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নেপাল রবি দাশ (২৬) নামের এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নেপাল রবি দাশের ফেসবুক পোস্টটি। ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বটতলী রুস্তমহাট বাজারের একটি সেলুন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নেপাল রবি পূর্ব বটতলী গুচ্ছগ্রামের মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। স্থানীয়রা জানান, নেপাল ও তাঁর এক ভাই মিলে সেলুনটি পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নেপাল তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন।’ পোস্টটি দেখে স্বজন ও সহকর্মীরা দ্রুত সেলুনে ছুটে যান। সেলুনের দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও তালা দেওয়া ছিল না। স্বজনেরা ভেতরে নেপালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’