চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম হজ ফ্লাইটে জেদ্দা যাচ্ছেন ৩৭১ জন। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করে প্রথম হজ ফ্লাইট। হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাব চট্টগ্রাম চেয়ারম্যান মোহাম্মদ শরীয়ত উল্লাহ।
প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন শাহ আমানত বিমানবন্দরে চলতি মৌসুমে হজ ব্যবস্থাপনার নানা বিষয়ে জানতে চান এবং হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় নানা উদ্যোগ নেওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি বিমানবন্দরের টার্মিনালের প্রয়োজনীয় সম্প্রসারণের বিষয়ে সরকারের ইতিবাচক আগ্রহের কথা তুলে ধরেন।
গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এ বছর হজ মৌসুমে সম্মানিত হাজিদের যাত্রা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিমানবন্দরের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের হজ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি সম্মানিত হাজিদের অত্র বিমানবন্দরে প্রবেশের শুরু থেকে বিমানে আরোহণ পর্যন্ত সব ধাপে সরাসরি তদারকি করবেন এবং এ ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ অন্য অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হাজিদের সার্বিক সেবা দেবে।
চট্টগ্রাম বিমানবন্দরে ঢাকার মতো কোনো হজ ক্যাম্প না থাকায় বিমানবন্দরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে একটি বৃষ্টির পানিরোধক অস্থায়ী ক্যাম্প করে দেওয়া হয়েছে। সেখানে হাজিদের জন্য সুপেয় পানি, পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ হাজিদের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে থাকবেন বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা। মসজিদ প্রাঙ্গণে রয়েছে পর্যাপ্তসংখ্যক ভলান্টিয়ার সম্মানিত হাজিদের সার্বিক দিকনির্দেশনা দেওয়ার জন্য।
প্রধান অতিথির পক্ষ থেকে হাজিদের জন্য বিশেষ উপহার সামগ্রী দেওয়া হয়। প্রধান অতিথি বিমানে আরোহণ করা সম্মানিত হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাই যেন পবিত্র হজ সুন্দরভাবে সম্পন্ন করে সুস্থতার সঙ্গে দেশে ফেরেন, তার জন্য দোয়া করেন।
এ বছর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৬টি ফ্লাইটে প্রায় ৬ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন। সর্বশেষ হজ ফ্লাইট আগামী ২০ মে শাহ আমানত বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। হজের ফিরতি ফ্লাইট শুরু হবেৎ ৩১ মে।