চট্টগ্রাম নগরের জালালাবাদ আবাসিক এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে মোবাইল ফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। এ সময় সন্দেহভাজন ৭০ বিদেশি নাগরিককে আটক করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খুলশী থানাধীন জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনের অষ্টম তলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম রাত সাড়ে ১২টার দিকে আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও থানা-পুলিশের একটি দল যৌথভাবে ওই ভবনের অষ্টম তলায় অভিযান চালায়। এ সময় ৭০ বিদেশি নাগরিককে আটক করা হয়।
ওসি বলেন, তাঁদের কাছ থেকে ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের অভিযানও চলমান রয়েছে।
এর আগে ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে আইফোনসহ এক হাজারের বেশি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে পুলিশ। ওই সময় ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন চীনের এবং একজন তাইওয়ানের নাগরিক ছিল।