চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।
গ্রেপ্তার মোবারক কাঞ্চননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মানিকপুর টিলাপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার (শফির টিলা) একটি টং ঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই টং ঘরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা কৌশলে গহিন জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোবারককে আটক করা হয়।
পুলিশ জানায়, মোবারকের হেফাজত থেকে দুটি কাঠের বাটযুক্ত লোহার ধারালো ছোড়া (তরবারি), একটি স্টিলের হাতলযুক্ত লোহার ধারালো রামদা, একটি কাঠের বাটযুক্ত ধারালো রামদা, একটি লোহার শাবল, একটি নীল রঙের প্লাস্টিকের বাটযুক্ত ধারালো ছুরি, একটি কাঠের বাটযুক্ত ধারালো ধামা, একটি কাঠের বাটযুক্ত ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী। এ ঘটনায় ফটিকছড়ি থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং সংঘবদ্ধ ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।