চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক রেলওয়ে শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার মৃত আমীর হোসেনের ছেলে। কাজের সুবাদে তিনি সীতাকুণ্ড রেলগেট এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাশেদ রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেন ডাউন লাইনে বাড়বকুণ্ড স্টেশন এলাকা অতিক্রমকালে রেললাইনে কর্মরত শ্রমিক রফিকুল আপলাইনে উঠে দাঁড়ান। এ সময় আপলাইনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী ট্রেনের নিচে কাটা পড়েন রফিকুল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এএসআই আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।