হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিহারে অস্ত্রের মুখে ভিক্ষুকে জিম্মি করে ডাকাতি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে একটি বৌদ্ধবিহারে ডাকাতির অভিযোগ উঠেছে। মুখোশ পরা অস্ত্রধারীরা বিহারের ভিক্ষুকে জিম্মি করে টাকা ও মূল্যবান মালামাল লুট করেছে।

আজ শনিবার ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর বিজয়া রামবিহারে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

ভিক্ষু জ্ঞান রক্ষিত আজকের পত্রিকাকে জানান, ভোরে তিনি ধর্মীয় কার্যাদি করার জন্য দরজা খোলেন। এ সময় পাঁচজন ব্যক্তি দা-কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর কক্ষে ঢুকে পড়েন। এরপর তাঁকে কক্ষের খাটে বসিয়ে রেখে চুপ করে থাকতে বলেন। কথা বললে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেন অস্ত্রধারীরা।

পরে তাঁর কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে অস্ত্রধারীরা আলমারি খুলে প্রায় ৩০ হাজার টাকা, একটি সাউন্ড বক্সসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যান বলে দাবি করেন ভিক্ষু জ্ঞান রক্ষিত। তিনি বলেন, ডাকাতেরা যাওয়ার সময় কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। এরপর ভিক্ষু জ্ঞান রক্ষিতের ডাক শুনে পাশের কক্ষে থাকা দুজন ছোট শ্রমণ এসে দরজা খুলে দেন।

চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি, বিহারে কোনো সিসিটিভি ক্যামেরা বা দারোয়ান নেই। সিসিটিভি ফুটেজ থাকলে ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার করা সহজ হতো।