হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের ওপর হামলার মামলায় বগাসহ ১৩ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কারাগার থেকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হয় ওয়াকিল হোসেন বগাকে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় করা আরেকটি মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত। একই মামলায় আদালতে আত্মসমর্পণ করা তাঁর ১২ সহযোগীর জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। পৃথক আরেকটি মামলায় বগার জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার পৃথক দুটি মামলার শুনানি শেষে এসব আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, অন্য একটি মামলায় বগা আগে থেকেই কারাগারে ছিলেন। পুলিশের ওপর হামলার ঘটনায় খুলশী থানায় করা মামলায় তাঁকে প্রোডাকশন ওয়ারেন্টের (পিডব্লিউ) মাধ্যমে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা আরও ১২ আসামির জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, পাহাড়তলী কলেজের অধ্যক্ষের করা মামলাটিরও শুনানি হয় একই আদালতে। পুলিশের এক কর্মকর্তা জানান, ওই মামলায় বগা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সোমবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন। তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগার বিরুদ্ধে ২৩ মামলা

সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন অপরাধের ঘটনায় আলোচনায় আসেন ওয়াকিল হোসেন বগা। গত ১৮ অক্টোবর হত্যা-হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি চট্টগ্রাম কারাগারে রয়েছেন।

গত ৬ অক্টোবর হত্যা-হুমকি, চাঁদাবাজি, বসতঘরে ঢুকে ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগে খুলশী থানায় মামলা করেন নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা শেখ মুহাম্মদ আরিফ। মামলায় বগাসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

পুলিশের অপরাধসংক্রান্ত তথ্য অনুযায়ী, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ঘটনায় বগার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে।

পুলিশের ওপর হামলার পর আলোচনায়

চলতি বছরের জুনে সরকারি জায়গা দখল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় আলোচনায় আসেন বগা। ওই ঘটনার পর ৮ জুন তাঁকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়। এরপর বিভিন্ন অপরাধের ঘটনায় তাঁর নাম এলেও একাধিক অভিযান চালিয়েও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত সেপ্টেম্বরে পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় বগাকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালালে তাঁর অনুসারীরা সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে বাসার ভেতরের একটি সুড়ঙ্গপথ দিয়ে বগা পালিয়ে যান বলে জানা গেছে।

গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় হৃদয় নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত কিশোরেরা একটি কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। ওই গ্যাং পরিচালনায় বগার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব ঘটনায়ও তাঁকে গ্রেপ্তারে একাধিক অভিযান চালায় পুলিশ।

নগর ভবনে পুলিশি অভিযান ঘিরেও বিতর্ক

নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয় নগর ভবনে পুলিশের অভিযান ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় আসেন বগা। গত ৬ অক্টোবর সেখানে তাঁর অবস্থানের তথ্য পেয়ে পুলিশের একটি বড় দল নগর ভবন ঘিরে ফেলে। অভিযোগ রয়েছে, ভবনের ভেতরে থাকা মেয়র শাহাদাত হোসেনের হস্তক্ষেপের পর বগাকে গ্রেপ্তার না করেই পুলিশ ফিরে যায়। পরে বগা নগর ভবন থেকে চলে যান।

এ ঘটনার পরদিন মেয়র শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, নগর ভবনে ওয়াকিল হোসেন বগা নামে কেউ আসেননি। তবে পুলিশের লোকেশন রেকর্ড অনুযায়ী, ৬ অক্টোবর রাতে বগার ব্যবহৃত মুঠোফোনের অবস্থান নগর ভবনের আশপাশে ছিল বলে জানা গেছে।

ঘটনার পর বগাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনাকারী খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমের সমালোচনা করেন মেয়র। এর কয়েক ঘণ্টা পর তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে এক-দুই দিনের মধ্যে তাঁকে চট্টগ্রামের বাইরে বদলি করা হয়।

চট্টগ্রামে প্রতারণা মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

তিন সংস্থার ১৪ কর্তায় রেলের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সীতাকুণ্ডে মহাসড়কে মেরামতের জন্য দাঁড় করানো বাসে লরির ধাক্কা, নিহত ৫

চট্টগ্রাম সিটি করপোরেশন: মেয়রের মেয়াদ শেষের আট মাসের কী হবে

সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু

সপ্তাহখানেক পর গৃহবধূর সন্তান প্রসবের কথা, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে হামলার শিকার এসআরবি সদস্যরা, গ্রেপ্তার ৫

চুয়েটে শিক্ষার্থীদের খোলাচিঠি, ভিসির সঙ্গে ‘অসহযোগিতায়’ সব পক্ষ

শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার সোনার চুড়িসহ যাত্রী আটক