ত্যাগের মহিমায় চট্টগ্রামে ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। চট্টগ্রাম নগরে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রথম ও প্রধান জামাতে নগরের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মুসল্লি অংশ নেন।
ঈদ জামাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী এবং জাতীয় পার্টির নেতা সোলাইমান আলম শেঠ। পরে সকাল ৮টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।
ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকে মুসল্লিদের ঢল নামে জমিয়াতুল ফালাহ ময়দানে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়। একই সঙ্গে দেশের সার্বিক উন্নয়ন, মানুষের সুখ-শান্তি, প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি এবং জাতির ঐক্য ও সম্প্রীতির জন্য দোয়া করা হয়।
এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই জামাতে মুসল্লিদের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। বড় এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণ, কার্পেটিং, ত্রিপল, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা ও মাইকিংয়ের ব্যবস্থা রাখা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরের আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এগুলো হলো লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহি জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (রহ.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রা.) চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম-সংলগ্ন)।