হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৫ দিনের ব্যবধানে আবারও চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

নিহত দুই শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কাজী নজরুল ইসলাম হল ও শহীদ মোহাম্মদ শাহ হলের মধ্যবর্তী পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্র অর্ণব চন্দ (২২) এবং ইইই বিভাগের ছাত্র শান্ত দেব (২৩)। দুজনেই ২৪ ব্যাচের শিক্ষার্থী এবং সিলেটের বাসিন্দা।

শিক্ষার্থীদের ভাষ্য, দুপুর সাড়ে ১২টার দিকে অর্ণব চন্দ ও শান্ত দেব পুকুরে নেমে আনন্দ করছিলেন। পরে তাঁরা পুকুরের দুই পাশ থেকে সাঁতরে পার হওয়ার প্রতিযোগিতায় নামেন। মাঝপথে পৌঁছে দুজনেই ক্লান্ত হয়ে পড়েন এবং একে অপরকে ধরে ফেললে একসঙ্গে পানিতে তলিয়ে যান।

দৃশ্যটি দেখে কয়েকজন শিক্ষার্থী দ্রুত পুকুরে নেমে অর্ণব চন্দকে উদ্ধার করতে পারলেও শান্ত দেবকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাননি। পরে রাঙ্গুনিয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শান্ত দেবকে উদ্ধার করেন। দুজনকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীরা জানান, ফায়ার সার্ভিসের গাড়ি আসতে প্রায় ৪০ মিনিট সময় লেগেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা হাসপাতালে আছি। দু’জনেই মারা গেছেন। বিস্তারিত পরে জানাচ্ছি।’

এর আগে গত ২৮ জুলাই সন্ধ্যার দিকে একই পুকুরে ডুবে অর্ণব সাহা নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। তাঁর বাড়ি ফেনী জেলায়।