হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও মন্দির বন্ধের দাবি হেফাজতের

চাঁদপুর প্রতিনিধি

ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং চাঁদপুর শহরের মুনসেফপাড়ায় অবস্থিত শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।

আজ সোমবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। পরে সংগঠনের নেতারা জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান ও সম্প্রীতির দেশ। তবে সম্প্রতি ইসকনের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) বিভিন্ন কর্মকাণ্ড, উসকানিমূলক কার্যক্রম এবং দেশ ও স্বাধীনতাবিরোধী তৎপরতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব কর্মকাণ্ড দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে দাবি করেছে সংগঠনটি।

হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নূরে আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা মনিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক হাফেজ আবুল হাসানাত, জেলা প্রচার সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, শহর শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম এবং সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ।

চাঁদপুরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন হেফাজতের নেতারা। ছবি: আজকের পত্রিকা

বক্তারা বলেন, চাঁদপুরে সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে বসবাস করছেন। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তাঁদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে ইসকনের বিতর্কিত ও দেশবিরোধী কর্মকাণ্ড নানা প্রশ্নের জন্ম দিচ্ছে বলে তাঁদের দাবি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সংগঠনটির কার্যক্রমের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

বক্তারা আরও বলেন, চাঁদপুর শহরের মুনসেফপাড়ায় অবস্থিত শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দিরের কার্যক্রম, অবস্থান, অনুমোদন ও সংশ্লিষ্ট আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে ২০২৪ সালে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা উল্লেখ করে বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় সংগঠনের কর্মকাণ্ডের আড়ালে দেশের আইন, সংবিধান ও জাতীয় স্বার্থবিরোধী কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

স্মারকলিপিতে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে হেফাজতে ইসলামের নেতা-কর্মী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ

খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে: শিক্ষামন্ত্রী

নিষেধাজ্ঞা শেষে সরগরম মাছঘাট, কমেনি ইলিশের দাম

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

একের পর এক হত্যাকাণ্ড ও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা: চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে আটক ৪০ জেলে

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, চিকিৎসকের কার্যক্রম বন্ধের নির্দেশ

এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে আটকে আছে ঐহী-মাহীর নতুন জীবন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

কোহিনূর হত্যা মামলা: রায়ের দুই বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার