হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি

গতকাল রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় জমি ও আমবাগানের মালিকানা নিয়ে বিরোধের জেরে মো. মোকসেদ আলী (৩৮) নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। হামলার আগে আশপাশের লোকজনকে সরিয়ে দিতে ও আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মোকসেদ আলীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোকসেদ আলী মাটিডালী উত্তরপাড়া এলাকার মো. হায়দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারোপুর-নামুজা সড়ক এলাকায় প্রায় ৩২ বিঘা আয়তনের একটি আমবাগানের মালিকানা ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মোকসেদ আলীকে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার রাতে ৬ থেকে ৭ জনের একটি দল মাটিডালী এলাকায় এসে প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের লোকজন সরে গেলে দলটি মোকসেদ আলীকে একা পেয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

মোকসেদ আলীর প্রতিবেশী মো. সাব্বির ইসলাম বলেন, মোকসেদ পঞ্চগড়ে স্বর্ণের কাজ করেন। মাঝে মাঝে এলাকায় এসে দু-একদিন থেকে আবার চলে যান। এলাকায় তাঁর সঙ্গে কারও বিরোধ ছিল বলে আমরা জানতাম না।

ঘটনার পর বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা, দুই জোড়া জুতা ও কয়েকটি লাঠিসোঁটা জব্দ করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ৬ থেকে ৭ জনের একটি দল সেখানে গিয়ে প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার পর মোকসেদকে একা পেয়ে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুটি গুলির খোসা প্রাথমিকভাবে ৭ দশমিক ৬৫ এমএম বোরের বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় এখনও মামলা হয়নি। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।