হোম > সারা দেশ > বরিশাল

ইট বালুতে দখল সড়ক ফুটপাত, চলাচলে দায়

খান রফিক, বরিশাল 

বরিশাল নগরে বন বিভাগের বিপরীতে সড়ক-ফুটপাত দখল করে মডার্ন লিবার্টি টাওয়ারের রড, বালু ফেলে রাখা হয়েছে। গত বুধবার তোলা ছবি। আজকের পত্রিকা

বরিশালের বিভিন্ন সড়ক-ফুটপাত দখল করে ভবন নির্মাণসামগ্রীর ইট, রড, বালু, পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ঘটছে দুর্ঘটনাও। রাস্তা ও ফুটপাত থেকে এসব নির্মাণসামগ্রী সরাতে সিটি করপোরেশনের কোন জোরালো তৎপরতা দেখা যায় না।

গত বুধবার দুপুরে নগরের ফরেস্টার বাড়ি পুলের বিপরীতে নবগ্রাম রোড থেকে ব্যাটারিচালিত রিকশা আরেকটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে রাস্তায় ফেলে রাখা বালু ও পাথরের স্তূপের ওপর উল্টে পড়ে। রিকশায় থাকা দুই যাত্রী কিছুটা আহত হন। স্থানীয়রা জানান, সেখানে নির্মাণাধীন সুউচ্চ ভবন মরিয়ম টাওয়ারের বালু ও পাথরে ফুটপাত-রাস্তার অনেকটা অংশ দখল হয়ে আছে। রাস্তা-ফুটপাত দিয়ে চলাচল করতে স্কুল, কলেজের শিক্ষার্থী ও পথচারীরা ভোগান্তিতে পড়ছে।

সরেজমিনে নগরের বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে নির্মাণাধীন বহুতল ভবনের ইট, বালু, পাথরসহ নির্মাণসামগ্রীর স্তূপ চোখে পড়ে। নগরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে নির্মাণাধীন ‘পিস টাওয়ারের পাথর, রড রাস্তার ওপর দেখা যায়। বগুড়া রোড ভূতের বাড়ি মসজিদের বিপরীতে ভবন নির্মাণের বালু, খোয়ার স্তূপ ফুটপাতে দেখা যায়। ফরেস্টার বাড়ি পুলের বিপরীতে নবগ্রাম রোড থেকে গোরস্তান যেতে মোড়ে ‘মরিয়ম টাওয়ার’ কর্তৃপক্ষ বালু ফেলে দখল করে ফেলেছে রাস্তা। অক্সফোর্ড

মিশন সড়কে ঢোকার মুখে একটি বহুতল ভবন কর্তৃপক্ষও বালু-খোয়া ফেলে ফুটপাত দখল করে রাখছে। নগরের নতুনবাজারসংলগ্ন বন বিভাগের ঠিক বিপরীতের মডার্ন লিবার্টি টাওয়ারের রড, বালু, পাথর বহুদিন ধরে রাস্তা আর ফুটপাত দখল করে ফেলে রাখা হয়েছে। হাসপাতাল রোডের ল কলেজের বিপরীতেও ফুটপাত দখল হয়ে আছে বালুর স্তূপে। একই অবস্থা কলেজ এভিনিউ, মুন্সি গ্যারেজ, বাংলাবাজার, নবগ্রাম রোড, কালীবাড়ি রোড, আমতলা, কাউনিয়া, আমনতগঞ্জে।

সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী আসমা আক্তার জানায়, পিস টাওয়ার অনেক দিন ধরে বালু, রড ফেলে রাস্তা দখল করে কাজ করছে। এতে চলাচলে বেশ অসুবিধা হয়।

নবগ্রাম সড়কের একাধিক বাসিন্দা অভিযোগ করেন, প্রশস্ত রাস্তা পেয়ে যার যখন দরকার সে ইট, বালু, পাথর ফেলে তা দখল করে ফেলছে। বটতলা থেকে ফরেস্টার বাড়ি পুল পর্যন্ত জলাবদ্ধতার একটি কারণ রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে সড়কটি বেহাল করে রাখা। দিনের পর দিন দখলবাজি চললেও সিটি করপোরেশন এসবে নজর দিচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে নির্মাণাধীন মডার্ন লিবার্টি টাওয়ার এবং মরিয়ম টাওয়ার ঘুরে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। কর্মরত শ্রমিকেরা এ প্রসঙ্গে কিছু বলতে চাননি।

বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সহসভাপতি আব্দুর রশিদ নিলু বলেন, নগরকে সুন্দর করতে হলে সড়ক এবং ফুটপাত দৃশ্যমান রাখতে হবে। সিটি করপোরেশনের দায়িত্ব হবে নগরীতে এভাবে বহুতল ভবন, দোকানপাটের বিরুদ্ধে আইন প্রয়োগ করে রাস্তা দখল বন্ধ করা।

বরিশাল সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লকিতুল্লাহ সিকদার বলেন, বড় বড় টাওয়ার কিংবা সুউচ্চ ভবনের মালিকেরা রাস্তার ওপর মালামাল রেখে নির্মাণকাজ করে যাচ্ছে। ভবনের মালিকেরা এ ধরনের কর্মকাণ্ড করতে পারেন না। দ্রুত বহুতল ভবনের মালিকদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।