বাংলাদেশে বসবাসকারী সকল সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রেখে একটি রংধনু জাতি (রেইনবো নেশন) গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী বলেন, ‘রংধনু জাতি গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন এবং তাঁদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা রেইনবো নেশন অর্থাৎ রংধনু জাতি গঠনে সবাই মিলে কাজ করব।’
গতকাল রোববার সন্ধ্যায় বান্দরবানের রাজার মাঠে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মাহা ওয়াগোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বান্দরবানের রাজার মাঠে ফানুস ওড়ানো, পিঠা উৎসব ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের মনোমুগ্ধকর রূপ দেখে পার্বত্যবাসীর প্রতি ভালোবাসা প্রকাশ করে মন্ত্রী বলেন, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব সকলের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ ছাড়া বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথি ও আয়োজকেরা ফানুস উড়িয়ে উৎসবের সূচনা করেন এবং ঐতিহ্যবাহী পিঠা উৎসব পরিদর্শন করেন।