সিরাজগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পর বৃদ্ধ মো. আহসান আলীকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তাঁর দুই ছেলের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।
আহসান আলীর বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলায়। তাঁকে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. রোকনুজ জামান, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস এবং তাঁর দুই ছেলে মো. নজরুল ইসলাম ও মো. ইয়াছিল আলী।
আহসান আলীর ছেলেরা জানান, গত ২৪ অক্টোবর সকালে তাঁদের বাবা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি তাঁরা। পরে ফকিরহাট উপজেলা প্রশাসনের মাধ্যমে বাবার অবস্থান জানতে পেরে তাঁরা সেখানে আসেন। দীর্ঘ ১০ দিন পর বাবাকে ফিরে পেয়ে তাঁরা আনন্দিত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর রাতে থানা-পুলিশের সহযোগিতায় ফকিরহাটের কাটাখালী এলাকা থেকে অসুস্থ অবস্থায় আহসান আলীকে উদ্ধার করা হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ইউএনও মো. রোকনুজ জামান বলেন, কাটাখালী এলাকা থেকে উদ্ধার হওয়া বৃদ্ধকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।