বাগেরহাটের ফকিরহাটে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুজন শেখ (২৩) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুজন শেখ হোচলা গ্রামের মৃত শেখ আবুল হোসেনের ছেলে। নিহতের পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গতকাল শনিবার রাতে স্ত্রী হোসনেআরা বেগম ও সন্তানকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সুজন। আজ রোববার ভোররাতে ঘুম থেকে উঠে স্ত্রী স্বামীকে ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের স্ত্রী হোসনেআরা বেগম জানান, রাতের কোনো একসময় সুজন এ ঘটনা ঘটিয়েছেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।