ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও রোমাঞ্চকর করতে এবং বিশেষ সব ফিচার নিয়ে আসতে বড়সড় পদক্ষেপ নিয়েছে মেটা। তারা বিশ্বব্যাপী চালু করতে যাচ্ছে মেটা ওয়ান নামে নতুন কনজ্যুমার সাবস্ক্রিপশন প্ল্যান। মেটার প্রোডাক্ট প্রধান নাওমি গ্লিয়েট জানান, আয়ের উৎস বাড়ানোর পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর, সাধারণ ব্যবহারকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে প্রিমিয়াম সেবা দিতেই এই নতুন চমক। আপাতত বিভিন্ন দেশে এই ফিচারগুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেটার মূল লক্ষ্য হলো, ভবিষ্যতে সব ধরনের সাবস্ক্রিপশনকে একসঙ্গে এনে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী নিত্যনতুন প্রযুক্তিগত সুবিধা দেওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় মেটার এই পেইড সাবস্ক্রিপশন এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বললেও হয়তো ভুল হবে না।
সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘প্লাস’ প্ল্যান
মেটার প্রচলিত ব্লু টিক বা ভেরিফায়েড সেবা চালু রেখে পাওয়ার ইউজারদের জন্য সম্পূর্ণ আলাদা এই প্লাস প্ল্যান আনা হয়েছে।
- ইনস্টাগ্রাম প্লাস: এর মাধ্যমে কে বা কতজন স্টোরি বারবার দেখছেন, তা জানা যাবে। থাকবে ২৪ ঘণ্টার বেশি স্টোরি সেভ রাখা, অন্যকে না জানিয়ে স্টোরি প্রিভিউ, সুপার হার্ট অ্যানিমেটেড রি-অ্যাকশন এবং সপ্তাহে একটি স্টোরি বুস্ট করার সুবিধা।
- ফেসবুক প্লাস: স্টোরি ইনসাইট ও চমৎকার সব সোশ্যাল এক্সপ্রেশন মিলবে এই প্ল্যানে।
- হোয়াটসঅ্যাপ প্লাস: চ্যাটিংকে আকর্ষণীয় করতে থাকবে অ্যাপ থিম পরিবর্তন, কাস্টম রিংটোন। এ ছাড়া অতিরিক্ত চ্যাট পিন করার সুবিধাও রয়েছে।
মেটা এআইয়ের প্রিমিয়াম রূপ
মেটা এআইয়ের সাধারণ সংস্করণটি আগের মতোই ফ্রি থাকছে। তবে জটিল এবং ভারী কাজের জন্য আগামী মাস থেকে সিঙ্গাপুর, গুয়াতেমালা ও বলিভিয়ায় দুটি পেইড প্ল্যানের টেস্টিং শুরু হবে।
- মেটা ওয়ান প্লাস: এটি দেবে সাধারণ প্রিমিয়াম এআই ফিচারের অ্যাকসেস।
- মেটা ওয়ান প্রিমিয়াম: এটি মূলত এআইয়ের থিংকিং মোড আনলক করবে, যা গভীর চিন্তাভাবনা এবং যুক্তি খণ্ডনের ক্ষমতা দেবে। পাশাপাশি তৈরি করা যাবে উচ্চমানের ছবি এবং ভিডিও।
ক্রিয়েটর ও বিজনেসদের জন্য থাকছে চমক
বাংলাদেশ, সৌদি আরব, মরক্কো ও থাইল্যান্ডে চলতি সপ্তাহ থেকে ক্রিয়েটর এবং ব্যবসায়িক পেজগুলোর জন্য দুটি বিশেষ প্ল্যানের ট্রায়াল শুরু হচ্ছে।
- মেটা ওয়ান এসেনশিয়াল: এতে মিলবে ভেরিফায়েড ব্যাজ, ফেক আইডি প্রতিরোধে বিশেষ সুরক্ষা এবং সব লিঙ্ক একসঙ্গে সাজানোর লিঙ্ক শিট।
- মেটা ওয়ান অ্যাডভান্সড: এটি ব্যবসার প্রচার ও রিচ বাড়াতে সাহায্য করবে। এর মাধ্যমে ফেসবুক ফিড ও সার্চ রেজাল্টের শীর্ষে থাকা, রিলসে বোল্ড ফলো বাটন এবং কাস্টমারদের সরাসরি ওয়েবসাইটে নেওয়ার সুবিধা মিলবে। এ ছাড়া থাকবে প্রতিযোগী পেজের পারফরম্যান্স ট্র্যাকিং, উন্নত শিডিউলিং টুলস এবং কনটেন্ট রি-ইউজ নোটিফিকেশন।
সূত্র: টেক ক্রাঞ্চ