টেনিসের ব্যস্ত সূচি নিয়ে সোচ্চার কার্লোস আলকারাস। একের পর এক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে গিয়ে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়ছে বলে মনে করেন স্প্যানিশ তারকা। ভবিষ্যতে তাই চোট এড়াতে নিয়মিত বিরতি নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করার পর টেনিসের ঘিঞ্জি সূচির সমালোচনা করেন আলকারাস। সব টুর্নামেন্ট খেলা অসম্ভব—জানিয়ে তিনি বলেন, ‘সূচিতে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বাড়তে থাকায় খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ কমছে। এর ফলেই টেনিসে চোট ও ক্লান্তির ঘটনা বাড়ছে। ভবিষ্যতে আমি কিছু বিরতি নেব, কিছু দীর্ঘ বিরতিও। হয়তো চার মাস নয়, এক বা দুই মাস। কিছু টুর্নামেন্ট খেলব না। কারণ সবগুলো খেলা অসম্ভব।’
চার মাসের চোটের বিরতি থেকে সবে কোর্টে ফিরেছেন সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী আলকারাস। কবজির চোটে চলতি মৌসুমের বড় একটি সময় কোর্টের বাইরে থাকতে হয়েছে তাঁকে। এমন বিরতি চোটের কারণে নিতে না হলেও ভবিষ্যতে নিজের সূচিতে বিশ্রাম রাখবেন বলে জানিয়েছেন তিনি। টেনিসের ব্যস্ত সূচি নিয়ে স্প্যানিশ তারকার উদ্বেগের কারণটাও সুস্পষ্ট, ‘অনেক খেলোয়াড় চোটে পড়ছে, অনেকেই ক্লান্ত হয়ে যাচ্ছে। এ বিষয়ে কিছু করা না হলে ভবিষ্যতে আরও বেশি খেলোয়াড়কে চোটে পড়তে দেখব।’
ইউএস ওপেনে আপাতত ছন্দে আলকারাস। পর্তুগালের ৭২তম র্যাঙ্কিংয়ের খেলোয়াড় জেইমে ফারিয়াকে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন। ২ ঘণ্টা ৪০ মিনিটের ম্যাচে শুরুটা অবশ্য ভালো হয়নি আলকারাসের। প্রথম সেটে একটি গুরুত্বপূর্ণ ব্রেক পয়েন্ট কাজে লাগাতে না পারার পর কিছুটা তাড়াহুড়ো করে খেলেছেন বলে জানান তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে ফারিয়া সেটটি জিতে নেন।
এরপর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন আলকারাস। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে কোনো গেম না দিয়েই জেতেন তিনি। তৃতীয় সেটেও শুরুতে ব্রেক করে এগিয়ে যান। শেষ সেটে দুটি ব্রেক নিয়ে সহজেই জয় নিশ্চিত করেন ২৩ বছর বয়সী স্প্যানিয়ার্ড।