হোম > খেলা > ফুটবল

মেসিদের ম্যাচ মানেই গ্যালারিতে রেকর্ড দর্শক

ক্রীড়া ডেস্ক    

রেকর্ড দর্শকের উপস্থিতিতে ৩-২ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পরই তাঁকে নিয়ে উন্মাদনা বেড়েছে মার্কিন মুলুকে। তাঁর সঙ্গে সেলফি তুলতে ভক্ত-সমর্থকদের ভিড় বেড়ে যায়। এমনকি ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচের দিন ‘মেসির ১০ নম্বর’ জার্সি পরিহিত অসংখ্য দর্শক দেখা গেছে। যে ভেন্যুতেই মেসি খেলেন, সেই স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

কলোরাডো র‌্যাপিডসের ঘরের মাঠের দর্শক ধারণক্ষমতা মাত্র ১৮ হাজার হলেও মেসিকে দেখতে আগ্রহীর সংখ্যা ছিল কয়েক গুণ। সমর্থকদের এই উপচে পড়া ভিড় সামলাতেই ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছিল ৭৬ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ডেনভারের এম্পাওয়ার ফিল্ডে। আজ ভোরে এমএলএসের কলোরাডো র‍্যাপিডস-ইন্টার মায়ামি ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন ৭৫ হাজার ৮২৪ দর্শক। যা এমএলএসে ইন্টার মায়ামির ম্যাচে সর্বোচ্চ দর্শক। তবে সব মিলিয়ে এমএলএস ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালের লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও লস অ্যাঞ্জেলস এফসির মধ্যকার ম্যাচটি মাঠে বসে দেখেছিলেন সর্বোচ্চ ৮২১১০ দর্শক।

২০২৬ মৌসুমে এ নিয়ে তৃতীয়বার কোনো ম্যাচে ৭০ হাজারের বেশি দর্শক দেখা গেল। এই তিনটি ম্যাচেই খেলেছেন মেসিরা। এর আগে এমএলএস মৌসুমের ইন্টার মায়ামি-এলএএফসি ম্যাচে ৭৫৬৭৩ দর্শক, ইন্টার মায়ামি-ডিসি ইউনাইটেড ম্যাচ দেখেছিলেন ৭২০২৬ দর্শক। এমএলএসের ইতিহাসে ইন্টার মায়ামিই একমাত্র দল, যাদের এক মৌসুমে কমপক্ষে তিনবার ৭০ হাজারের বেশি দর্শক খেলা দেখেছেন।

রেকর্ড দর্শকের উপস্থিতিতে জয়ও ছিনিয়ে নিয়েছে ইন্টার মায়ামি। কলোরাডো র‍্যাপিডসকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি। যার মধ্যে ১৮ ও ৭৯ মিনিটে জোড়া গোল করেন মেসি। ১৮ মিনিটে গোলটা করেন পেনাল্টি থেকে। আর ৭৯ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের করা গোলটাই পার্থক্য গড়ে দিয়েছে। এই জয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে মায়ামি। ৮ ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ১ হারে মেসিদের পয়েন্ট এখন ১৫। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল।

শিরোপার স্বপ্ন দেখছে ম্যানসিটি, চ্যাম্পিয়ন বায়ার্ন

‘মেসি, নেইমার, রোনালদোর ধারেকাছেও নেই ভিনি’

বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় জার্মানি

শেষের নাটকে লিভারপুলের ডার্বি জয়

‘ইয়ামালের সময় আসছে, আগামী বছর চ্যাম্পিয়নস লিগ-ব্যালন ডি’অর জিতবে’

পাকিস্তান-আর্জেন্টিনা ম্যাচ তাহলে কবে

ফুটবলারদের বেতন দিচ্ছে সরকার, তালিকায় নেই হামজা-শমিত

এবার কি কলকাতার অপেক্ষা ফুরাবে

দর্শকদের বাজে আচরণের প্রতিবাদ করে শাস্তি পেলেন হামজা

নতুন কোচকে মেসির ‘উপহার’