সব ধরনের অনিশ্চয়তা ও বিতর্কের মাঝেও বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইরান—এমনটাই জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে দেওয়া বক্তব্যে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান নিশ্চিত করেছেন, নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। তার আগে সম্প্রতি ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেয়নি ইরান। যা নতুন করে আলোচনার জন্ম দেয়। ইরান ফুটবল ফেডারেশনের তিন সদস্যের প্রতিনিধিদল টরেন্টো পৌঁছালেও তাঁদের একজনকে প্রবেশের অনুমতি না দেওয়ায় বাকি দুজন প্রতিবাদস্বরূপ কংগ্রেসে অংশ নেননি। দেশটির গণমাধ্যম জানায়, ফেডারেশনের সভাপতি মেহদি তাজকে টরেন্টোর পিয়ারসন বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়।
এটা ‘দুঃখজনক’ ঘটনা বলে আখ্যা দিয়েছে ইনফান্তিনো। একই সঙ্গে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি। ইনফান্তিনো বলেন, ‘ইরান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রেই খেলবে। আমাদের লক্ষ্য মানুষকে একত্র করা—বিশ্বে বিভাজন যথেষ্ট হয়েছে।’
বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পড়েছে ইরান। সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি। ২১ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। গ্রুপ পর্ব শেষ ম্যাচে সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে এশিয়ার প্রতিনিধিরা।
ইনফান্তিনোর ঘোষণার পরও কিছু শঙ্কা থেকেই যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইরানের খেলোয়াড়দের যুক্তরাষ্ট্র প্রবেশে সমস্যা হবে না। তবে ফেডারেশনের কিছু কর্মকর্তার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। রুবিও বলেন, ‘ইরানকে নিয়ে সমস্যা হলো—তারা তাদের সঙ্গে যাদের আনতে চাইবে, তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি থাকতে পারে যাদের আইআরজিসির (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) সঙ্গে সম্পর্ক রয়েছে।’