হোম > খেলা > ফুটবল

মেসির নতুন ক্লাব কেনা নিয়ে মুখ খুললেন কোচ

ক্রীড়া ডেস্ক    

স্পেনে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় ক্লাব কিনতে যাচ্ছেন মেসি। ছবি: সংগৃহীত

পাঁচ বছর আগে বার্সেলোনা ছাড়লেও লিওনেল মেসি যেন স্পেনের মায়া ছাড়তেই পারছেন না। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে ক্লাবটির হয়ে একের পর এক শিরোপা জিতেছেন, গোল করেছেন, মনে রাখার মতো কত মুহূর্ত রয়েছে, চাইলেই কি তা ভুলে থাকা যায়। আর্জেন্টাইন কিংবদন্তির নতুন ক্লাব কেনা নিয়ে মুখ খুললেন ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ জোসেপ ফেরান্দো।

এ বছরের এপ্রিলে স্পেনে কর্নেয়া নামে পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়া কিনেছিলেন মেসি। পাঁচ মাস না পেরোতেই আরেক স্প্যানিশ ক্লাব এলদেনসে কেনার কাছে এখন আর্জেন্টাইন তারকা। সূত্রের বরাতে গত পরশু ইএসপিএন এমন এক প্রতিবেদন প্রকাশ করেছিল। এটা নিয়ে কথা বলেছেন এলদেনসের অন্তর্বর্তীকালীন কোচ ফেরান্দো।

মেসি ক্লাবটি কিনেছেন কি না, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারেননি ফেরান্দো। তবে আর্জেন্টাইন কিংবদন্তি মালিকানা নিতে যাচ্ছেন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলদেনসে কোচ। ফেরান্দো বলেন, ‘আশা করি মেসি অবশ্যই এসে মালিকানার চুক্তি চূড়ান্ত করবে। এটা এলদা শহর এবং এলদেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আর আমাদের গর্বিত হওয়া উচিত। আমরা একটি ক্রমবর্ধমান ক্লাব এবং বিশ্বের সেরা খেলোয়াড় আমাদের ক্লাবটি কিনতে আগ্রহী। এটা আসলেই গর্বের বিষয়।’

২০২৫ সালের মার্চে ক্লদিও বারাগান এলদেনসের কোচ হয়েছিলেন। তবে দেড় বছর পর তিনি গত ৬ সেপ্টেম্বর বরখাস্ত হয়েছেন। ফেরান্দো তাই স্প্যানিশ এই ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করছেন। মেসির মালিকানার বিষয়টি যেমন তাঁর জানা,পাশাপাশি মাঠের পারফরম্যান্সের দিকটাও দেখছেন এলদেনসের অন্তর্বর্তীকালীন কোচ। পরশু স্পোর্তিং গিজনের বিপক্ষে খেলতে নামবে এলদেনসে। ফেরান্দো বলেন, ‘আমরা ম্যাচে মনোযোগ ধরে রাখতে পুরো বিষয়টি (মেসির মালিকানা কেনা) থেকে নিজেদের পুরোপুরি দূরে রাখার চেষ্টা করেছি। স্পোর্টিং গিজনের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসি তৃতীয় পক্ষের কোনো সম্পৃক্ততা ছাড়াই আলিকান্তে প্রদেশের এলদা শহরভিত্তিক ক্লাবটির ১০০ শতাংশ শেয়ার কিনতে পারেন। এরই মধ্যে স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব উনিয়ন এসপোর্তিভা কর্নেয়ার একজন অংশীদার মেসি। এছাড়া উরুগুয়ের তৃতীয় বিভাগের ক্লাব দেপোর্তিভো এলএসএমেও বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে তাঁর যৌথ মালিকানা রয়েছে। এর পাশাপাশি আর্জেন্টিনার প্রিমেরা সি-তে খেলা লিওনেস এফসি নামের একটি ক্লাবের সঙ্গেও মেসি যুক্ত। আর্জেন্টাইন তারকার ভাই মাতিয়াস মেসি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৪ থেকে ২০২১ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৭৭৮ ম্যাচ খেলেছেন। ৬৭২ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩০৩ গোলে। ক্লাবটির হয়ে জিতেছেন ৩৪ শিরোপা। যার মধ্যে রয়েছে ১০ লা লিগা ও ৪ চ্যাম্পিয়নস লিগ। ইন্টার মায়ামির হয়ে তিন বছরে জিতেছেন তিন শিরোপা। কদিন আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার জার্সিতে এই চারটি শিরোপা জিতেছেন তিনি।