হোম > খেলা > ফুটবল

‘ব্রাজিলকে হারানোর জন্য আমি দুঃখিত’

ক্রীড়া ডেস্ক    

ব্রাজিলের বিপক্ষে সে ম্যাচে জোড়া গোল করেছিলেন হালান্ড। ২-১ গোলের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল সেলেসাওরা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করার স্মৃতি এখনো তরতাজা আরলিং হালান্ডের মনে। সেই ম্যাচে জোড়া গোল করে নরওয়ের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই তারকা স্ট্রাইকার। এবার সেই জয় নিয়ে কথা বলতে গিয়ে ব্রাজিলকে হারানোর জন্য মজার ছলে দুঃখ প্রকাশ করলেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগে কভেন্ট্রির বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে জয়সূচক গোল করেন হালান্ড। ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নরওয়ের জন্য এটি বিশেষ একটি ম্যাচ (ব্রাজিলের বিপক্ষে) ছিল। কারণ আমরা এর আগে সবশেষ যখন বিশ্বকাপে খেলেছিলাম, তখনো প্রতিপক্ষ ছিল ব্রাজিল। আর নরওয়ে একমাত্র দল, যারা ব্রাজিলের কাছে কখনো হারেনি। তাই এটি বিশেষ ছিল।’

ম্যাচটির গুরুত্ব বোঝাতে গিয়ে হালান্ড আরও বলেন, ‘অবশ্যই, এটি বিশেষ একটি ম্যাচ ছিল। আমরা জিতেছিলাম, যা ছিল অসাধারণ। আমাদের ইতিহাসের সেরা ম্যাচ ছিল এটি, কারণ যেভাবে আমরা ম্যাচটি নিয়ন্ত্রণ করেছি। আর অবশ্যই, ফুটবলের মহান একটি দেশের বিপক্ষে খেলা সবসময়ই বিশেষ—যে দেশে সবাই এই খেলাটির প্রতি ভীষণ আবেগপ্রবণ। এটি ছিল বিশেষ, এটি একটি দারুণ স্মৃতি।’

এরপরই ব্রাজিলকে হারানোর প্রসঙ্গে রসিকতার সুরে হালান্ড বলেন, ‘আরেকবার বলছি, দুঃখিত। হারের জন্য দুঃখিত, তবে এটাই ফুটবল।’

ব্রাজিলের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ের স্মৃতির পাশাপাশি সাক্ষাৎকারে হালান্ডের নতুন লুকও উঠে আসে। মৌসুমের শুরু থেকে লম্বা চুলের বদলে ছোট করে কাটা চুলে দেখা যাচ্ছে তাঁকে। নিজের এই পরিবর্তন নিয়েও কথা বলেছেন নরওয়েজিয়ান তারকা।

হালান্ড বলেন, ‘এটা অনেক সহজ। আমার মনে হয়, পরিবর্তনের সময় এসেছিল। আমার ভালোই লাগছে। অবশ্যই, আমি আমার লম্বা চুলটা মিস করি। কিন্তু পরিবর্তনের সময় হয়েছিল এবং এখন পর্যন্ত আমি এটা উপভোগ করছি। আবার চুল বড় হবে এবং আশা করি, আবারও লম্বা হবে।’