বিশ্বকাপের নকআউটে শক্তিশালী ব্রাজিলকে পেয়েছে জাপান। শক্তি কিংবা ইতিহাস-ঐতিহ্য—সবদিক থেকেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে বেশ পিছিয়ে এশিয়ার দলটি। এরপরও ভীত নন জাপানিজদের স্ট্রাইকার দায়জেন মায়েদা। উল্টো ব্রাজিলকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন তিনি। মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে যেকোনো দলের বিপক্ষে জেতা সম্ভব বলে মনে করেন তিনি।
‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করে রানার্সআপ হয়ে নকআউটে পা রেখেছে জাপান। সেরা ৩২-এ আগামী ২৯ জুন হিউস্টনে ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে হাজিমে মরিয়াসুর দল। অন্যদিকে ২ জয় এবং ১ ড্রয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে যোজন যোজন এগিয়ে ব্রাজিল। এখন পর্যন্ত ১৪ ম্যাচের ১১টিতেই জিতেছে কার্লো আনচেলত্তির দল; দুটি ম্যাচ ড্র হয়েছে। বাকি ম্যাচটা জিতেছে জাপান। মজার বিষয় হলো, নিজেদের শেষ দেখায় গত বছরের অক্টোবরে ব্রাজিলকে হারিয়েছে তারা। যেটা বাড়তি আত্মবিশ্বাসের জ্বালানি দিচ্ছে জাপানকে। পাশাপাশি তাদের বর্তমান ফর্মও ব্রাজিলের চিন্তার কারণ হতে পারে।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মায়েদা বলেন, ‘আমার বিশ্বাস, ম্যাচটি খুবই গতিময় হবে। তবে আমরা যদি নিজেদের খেলাটা ঠিকভাবে খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষকেই হারানো সম্ভব। আমরা এখনও ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। এতদিন ধরে যা গড়ে তুলেছি এবং যেভাবে নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করেছি, সেটি যদি মাঠে ঠিকভাবে তুলে ধরতে পারি, সেটাই হবে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছেন জাপানের অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমোও। লম্বা সময় পর জাতীয় দলে ফেরা নেইমারকে নিয়ে সতীর্থদের সতর্ক থাকার আহ্বান জানালেন তিনি। এর পেছনে রয়েছে জাপানের বিপক্ষে তারকা ফরোয়ার্ডের দুর্দান্ত ফর্ম। জাপানের বিপক্ষে এখন পর্যন্ত নয়টি গোল করেছেন নেইমার।
নাগাতোমো বলেন, ‘নেইমার তো বিশ্বমানের খেলোয়াড়। তাই অবশ্যই ওকে নিয়ে সতর্ক থাকতে হবে। আর সত্যি বলতে, এই ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি যেন নতুন একটি টুর্নামেন্টের মতো। তাদের বিপক্ষে শতভাগ উজাড় করে দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’