নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের যাচাই নয়, বরং সমমানের দলের বিপক্ষে খেলে আত্মবিশ্বাস বাড়াতে চান বাংলাদেশ জাতীয় দলের কোচ টমাস ডুলি। তবে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে এমন প্রতিপক্ষ খুঁজে পাওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার জাতীয় দল পরিচালনা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডুলি জানান, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হলেও অধিকাংশ দলই নিজেদের আঞ্চলিক প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত। ফলে বাংলাদেশের হাতে বিকল্প খুবই সীমিত।
তিনি বলেন, ‘আমাদের পছন্দ করার মতো কোনো সুযোগ নেই। আসল বিষয় হলো, এটা আমাদের হাতে নেই। পরিস্থিতি খুবই কঠিন। আমরা বিশ্বজুড়ে চেষ্টা করেছি। ক্যারিবীয় অঞ্চল, ইউরোপ এবং আরব বিশ্বের দলগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তা খুবই কঠিন ছিল, কারণ সব দেশেরই এখন নিজস্ব টুর্নামেন্ট চলছে—যেমন নেশনস লিগ, আরব কাপ কিংবা দক্ষিণ আমেরিকা, ক্যারিবীয় ও ইউরোপের নেশনস লিগ। ফলে এই দলগুলোকে পাওয়া যাচ্ছে না।’
সমমানের প্রতিপক্ষের কথা ভাবলেও ডুলি বলেন, ‘এরপর আমরা বললাম, ঠিক আছে, আমি এমন কিছু দলের বিরুদ্ধে খেলতে চাই যারা আমাদের কাছাকাছি বা সামনে আছে—যেমন সিঙ্গাপুর বা এই ধরনের দলগুলো। কিন্তু তারাও আসিয়ান কাপ খেলছে, তাই তাদের পাওয়া সম্ভব নয়।’
বাংলাদেশকে সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। তবে কিরগিজস্তানে গেলে অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। সেটি নিয়ে কিছুটা দ্বিধায় আছেন বাংলাদেশের কোচ, ‘তারা আমাদের একটি টুর্নামেন্টে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু সেটা খুব কঠিন। আমার মানে, তারা ৯০ বা ১০০ র্যাঙ্কিংয়ের আশেপাশের দলগুলোর সঙ্গে খেলছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, সাফ টুর্নামেন্টের প্রস্তুতির এই মুহূর্তে খুব শক্তিশালী দলের সঙ্গে খেলে হেরে যাওয়াটা হয়তো ভালো কিছু হবে না।’