বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিসরের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচকে সামনে রেখে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বৃহস্পতিবার বিকেলের অনুশীলনে নতুন কিছু সমন্বয় দেখা গেছে, যেখানে আগের দিনের তুলনায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও ছিল।
অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়। ওয়ার্ম-আপ শেষে আনচেলত্তি খেলোয়াড়দের দুটি দলে ভাগ করে বিভিন্ন কৌশল পরীক্ষা করেন। যদিও এতে শনিবারের ম্যাচের সম্ভাব্য শুরুর একাদশ স্পষ্ট হয়নি, তবে কোচের পরিকল্পনায় থাকা কয়েকটি বিকল্প সামনে এসেছে।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ছিল রায়ানের উপস্থিতি। এবার তিনি সম্ভাব্য মূল একাদশের সঙ্গে অনুশীলন করেছেন এবং নিজের স্বাভাবিক পজিশন রাইট উইংয়ে খেলেছেন। বুধবারের সেশনে তাঁকে বাঁ প্রান্তেও দেখা গিয়েছিল। আক্রমণভাগে তার সঙ্গে ছিলেন রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও ইগর থিয়াগো।
রক্ষণভাগে ফুল-ব্যাক হিসেবে খেলেছেন ওয়েসলি ও দগলাস সান্তোস। সেন্টার-ব্যাক জুটি ছিলেন মার্কিনিওস ও লেও পেরেইরা। মাঝমাঠে দায়িত্ব পালন করেছেন কাসেমিরো ও ব্রুনো গিমারেস। বুধবারের অনুশীলনে দেখা দলের তুলনায় এবার লুকাস পাকেতা ছিলেন না। পাশাপাশি আনচেলত্তি দুই মিডফিল্ডারকে নিয়ে নতুন একটি মাঝমাঠের সমন্বয় পরীক্ষা করেছেন। এই ব্যবস্থায় রাফিনিয়া খেলেছেন মূল স্ট্রাইকারের পেছনে, যে ভূমিকায় সাধারণত মাথিয়াস কুনিয়াকে দেখা যায়।
তবে এখনই শুরুর একাদশ নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। আনচেলত্তি পরবর্তী অনুশীলনগুলোতেও নতুন সমন্বয় পরীক্ষা করবেন বলে ধারণা করা হচ্ছে। টানা দুই দিনের পরিবর্তনই ইঙ্গিত দিচ্ছে, বিশ্বকাপের পুরো আসরজুড়ে বিভিন্ন পরিস্থিতির জন্য একাধিক কার্যকর বিকল্প প্রস্তুত রাখতে চাইছেন ব্রাজিলের এই ইতালিয়ান কোচ।