হুয়ান মার্তিনেস মুনুয়েরা মানেই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের জন্য সুখস্মৃতি। বার্সেলোনার বিপক্ষে আগের চারবার তাঁর পরিচালনায় তিন ম্যাচেই জিতেছে রিয়াল। এবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে রেফারির দায়িত্ব পাওয়ার দৌড়ে উঠে এসেছে এই রেফারির নাম।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, আগামী রোববারের এল ক্লাসিকো পরিচালনার দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে ছিলেন আলবেরোলা রোহাস। তবে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে মুনুয়েরার নামও উঠে এসেছে। রেফারি নিয়োগ কমিটি গত সোমবার আলবেরোলা রোহাসকে বেছে নিয়েছিল। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে রেফারির নাম ঘোষণা করা হবে।
মুনুয়েরা দায়িত্ব পেলে এটি হবে তাঁর পঞ্চম এল ক্লাসিকো। আগের চার ম্যাচে তিনবার জয় পেয়েছে রিয়াল, একবার বার্সা। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুনুয়েরার পরিচালনায় বার্সাকে ৪-১ গোলে হারিয়েছিল রিয়াল।
এর আগে ২০২২-২৩ মৌসুমে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগেও বার্সাকে বড় ব্যবধানে হারায় রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে সেই ম্যাচের রেফারি ছিলেন মুনুয়েরা। সেবার ৪-০ গোলে জিতেছিল মাদ্রিদের ক্লাবটি।
তবে মুনুয়েরার অধীনে বার্সারও জয়ের স্মৃতি রয়েছে। ২০২২ সালের ২০ মার্চ লা লিগার ম্যাচে রিয়ালকে ৪-০ গোলে হারিয়েছিল কাতালানরা। বার্সার কোচ হিসেবে জাভি হার্নান্দেজের রিয়ালের বিপক্ষে সেটিই ছিল প্রথম বড় জয়।
দুই দলের প্রথম মুখোমুখি লড়াইয়ে মুনুয়েরা রেফারি ছিলেন ২০২০ সালের ২৪ অক্টোবর। ক্যাম্প ন্যুতে হওয়া সেই ম্যাচে রিয়াল ৩-১ গোলে জিতেছিল। সার্জিও রামোসকে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে তখন বিতর্ক তৈরি হয়েছিল।
লা লিগায় বার্সার ৩৭টি ম্যাচ পরিচালনা করেছেন মুনুয়েরা। তাঁর অধীনে ২৪টি ম্যাচ জিতেছে ক্লাবটি, ছয়টি ড্র করেছে এবং সাতটিতে হেরেছে। অন্যদিকে, তাঁর পরিচালনায় ৪৬টি লিগ ম্যাচ খেলে ৩০টিতে জিতেছে রিয়াল মাদ্রিদ। ড্র করেছে নয়টি ম্যাচ, হেরেছে সাতটিতে।
স্প্যানিশ লিগে মুনুয়েরার অধীনে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রিয়াল। দুই দলের বিপক্ষে তাঁর সামগ্রিক রেকর্ডেও জয় ও পরাজয়ের হিসাব আলাদা করে নজর কাড়ে। তবে আসন্ন এল ক্লাসিকোয় তাঁর দায়িত্ব পাওয়া এখনো নিশ্চিত নয়।