গোল বাতিল, ভিএআর নাটকীয়তা আর লিওনেল মেসির রেকর্ডগড়া চোখধাঁধানো গোলে। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রথমার্ধেই দেখা মিলল চরম রোমাঞ্চের। কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ ও বল পজিশনে আধিপত্য বজায় রেখে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুটা ধীরগতির হলেও ৫ মিনিটে মেসির একটি চমৎকার চিপ শট অফসাইডের কারণে বাতিল হয়। ঠিক এর তিন মিনিট পর আলজেরিয়ার ফারেস শাইবি আর্জেন্টিনার জাল কাঁপিয়ে স্তব্ধ করে দেন গ্যালারি। তবে আলজেরিয়ানদের সেই উল্লাস স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ১০ মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গোলটি মার্জিনাল অফসাইডের কারণে বাতিল করলে বড় বাঁচা বেঁচে যায় আলবিসেলেস্তেরা।
শুরুর সেই ধাক্কা সামলে ১৭ মিনিটে লিড নেয় আর্জেন্টিনা। রদ্রিগো দে পলের ডিফেন্স-চেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের সামান্য বাইরে থেকে দুর্দান্ত এক টার্নে বাঁ পায়ের জাদুকরী শটে বল জালে জড়ান ৩৮ বছর বয়সী মেসি। চোখধাঁধানো গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের ১৪তম গোল করে কিলিয়ান এমবাপ্পে ও গার্ড মুলারকে ছুঁয়ে ফেললেন আর্জেন্টিনা অধিনায়ক। একইসঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর পর ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন তিনি।
আলজেরিয়া সম্পূর্ণ রক্ষণাত্মক কৌশল বেছে নিলে আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয়। মাঝমাঠ ও রক্ষণভাগের চমৎকার বোঝাপড়ায় আলজেরিয়াকে দাঁড়াতেই দেয়নি তারা। ৩৯ মিনিটে থিয়াগো আলমাদা, এনসো ফের্নান্দেস, লাউতারো মার্তিনেস ও মেসির পাসিংয়ের যে দারুণ কম্বিনেশন দেখা গেছে, তা দেখে খুশি না হয়ে উপায় নেই কোচ লিওনেল স্কালোনির।