হোম > খেলা > ফুটবল

নকআউটে ব্রাজিলকে পেয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা দল বললেন জাপানের কোচ

ক্রীড়া ডেস্ক    

ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বেশ আত্মবিশ্বাসী মোরিয়াসু। সাবেক চ্যাম্পিয়নদের জন্য কাজটা যে সহজ হবে না, সে বার্তাই যেন দিয়ে রাখলেন জাপান কোচ। ছবি: সংগৃহীত

নকআউটের লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মানই দেখালেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। একই সঙ্গে এবারের বিশ্বকাপে সবচেয়ে সেরা দল হিসেবে বেছে নিলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। এমন মন্তব্য করার পর অবশ্য হাস্যরসের সুরে ব্রাজিলের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি।

সুইডেনের বিপক্ষে ড্র করে নিজেদের গ্রুপে রানার্সআপ হয়েছে জাপান। সেরা ৩২-এ তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিশ্বকাপের সেরা দল নিয়ে প্রশ্নের জবাবে মোরিয়াসু বলেন, ‘আমি চোখ বন্ধ করে আশা করছি, এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই। তবে আমি বলব, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো দারুণ ফুটবল খেলছে। কিন্তু ব্রাজিলের কাছে আমি ক্ষমাপ্রার্থী (হাসি)।’

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে প্রশংসায় ভাসিয়েছেন মোরিয়াসু। ইউরোপীয় ক্লাব ফুটবলে ইতালিয়ান এই কিংবদন্তি কোচের সাফল্যকে অনন্য বলে উল্লেখ করলেন তিনি, ‘আমি কোচ হিসেবে আনচেলত্তিকে ভীষণ শ্রদ্ধা করি। তিনি চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ সাফল্য পেয়েছেন এবং ইউরোপের পাঁচটি শীর্ষ লিগেই শিরোপা জিতেছেন। তিনি অবিশ্বাস্য একজন কোচ। আমি কখনোই তাঁর পর্যায়ে পৌঁছাতে পারব না। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিলের দায়িত্বে আছেন, যা মোটেও সহজ কাজ নয়। কিন্তু তিনি সফল হচ্ছেন, আর সেটিই তাঁর অসাধারণ সামর্থ্য ও দক্ষতার প্রমাণ।’

ব্রাজিলের শক্তিমত্তা স্বীকার করলেও নিজেদের সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদী মোরিয়াসু। তাঁর বিশ্বাস, সঠিক প্রস্তুতি নিতে পারলে নকআউটে প্রতিপক্ষকে চমকে দেওয়া সম্ভব, ‘এটি আমাদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। তারা প্রায় নিখুঁত একটি দল। তবু আমি বিশ্বাস করি, আমাদের জয়ের সুযোগ আছে এবং আমরা পরের পর্বে যেতে পারি। সেই সম্ভাবনাকেই সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রীতি ম্যাচে আমরা ব্রাজিলকে হারিয়েছিলাম। হয়তো সে কারণেই এবার তারা আরও বেশি উজ্জীবিত থাকবে। আমি ম্যাচটির অপেক্ষায় আছি।’

জাপানের ফুটবলের অগ্রগতির কথাও তুলে ধরেছেন মোরিয়াসু। তাঁর মতে, জাপান একসময় ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ হলেও এখন সেই অবস্থান বদলেছে, ‘আগে ব্রাজিলের জন্য জাপান ছিল সহজ প্রতিপক্ষ। কিন্তু সর্বশেষ প্রীতি ম্যাচে আমরা তাদের দেখিয়ে দিয়েছি, আমাদের হারানো আর সহজ নয়। এটিই আমাদের উন্নতির প্রমাণ। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, আমরা তাদের সম্মান করি। তবে ম্যাচে কী হবে, তা আগে থেকে কেউ জানে না। আমাদেরও জয়ের সুযোগ থাকবে।’

জার্মানির বিপক্ষে জয় জনগণকে উৎসর্গ করলেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন ইতিহাস

ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অন্তিম মুহূর্তের গোলে হারল যুক্তরাষ্ট্র

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপানের স্ট্রাইকার

জাপান-সুইডেন ম্যাচ ড্রয়ের পর নকআউটে কাকে পেল ব্রাজিল

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আইভরি কোস্টের ইতিহাস

আসতেকাতেই তাঁর শুরু আসতেকায় শেষ

এমবাপ্পে-হালান্ড দ্বৈরথ আজ বোস্টনে

ভিনির রাতে সাম্বার তালে নকআউটে ব্রাজিল

বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেল সুইডেন