হোম > খেলা > ফুটবল

মেসির গোলে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

ক্রীড়া ডেস্ক    

গোলের পর সতীর্থের সঙ্গে মেসির উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির দুর্দান্ত গোলে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে ২০২৭ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে জায়গা করে নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। পিছিয়ে পড়েও মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় দলটি।

এমএলএসের নিয়মিত মৌসুমের আর এক ম্যাচ বাকি থাকতে এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় নিউ ইংল্যান্ডকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। চ্যাম্পিয়নস কাপে জায়গা নিশ্চিত করতে এই ম্যাচে পূর্ণ পয়েন্ট দরকার ছিল তাদের। হার বা ড্র হলে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হতো দলটিকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে নিউ ইংল্যান্ডকে এগিয়ে দেন ড্যানিয়েল গাজদাগ। ইলায় ফেইনগোল্ডের সঙ্গে বক্সের ভেতরে বল আদানপ্রদানের পর জালে বল পাঠান তিনি। পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় মায়ামি। ৬৯ মিনিটে মেসির চমৎকার ব্যাকহেড থেকে বল পেয়ে গোল করেন জার্মান বেরতেরামে। তাতে সমতায় ফেরে সফরকারীরা।

সমতায় ফেরার পর আক্রমণভাগে আরও শক্তি যোগাতে লুইস সুয়ারেজকে মাঠে নামান মায়ামির কোচ ক্রিস্তিয়ান গনজালেস। মায়ামির আগের ২৫ ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড।

এরপর নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় মায়ামি। বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে নিজের চিরচেনা বাঁ পায়ের নিচু শটে নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নারকে পরাস্ত করেন আর্জেন্টাইন মহাতারকা।

শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল নিউ ইংল্যান্ড। ইয়ান ফ্রের আত্মঘাতী গোলটি মায়ামির জয় কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি করেছিল। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। মেসির গোলটিই শেষ পর্যন্ত মায়ামির চ্যাম্পিয়নস কাপের টিকিট নিশ্চিত করে। এই জয়ে আগামী ৭ নভেম্বর নিয়মিত মৌসুমের শেষ দিনে আর কোনো হিসাবের অপেক্ষায় থাকতে হচ্ছে না দলটিকে।

মেসির প্রশংসায় কোচ গনজালেস বলেন, ‘সেরা খেলোয়াড় হিসেবে তাকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সতীর্থদের প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে তার সঙ্গে কারও তুলনা চলে না। এই বয়সেও লিও যা করছে, আমার দৃষ্টিতে তার এমভিপি এবং ব্যালন ডি’অর দুটিই প্রাপ্য। আশা করি, সে এগুলো অর্জন করতে পারবে।’

মেসির কাছে এমন কিছু আশা করেননি আলজেরিয়ান ফুটবলার

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় এমবাপ্পের পেনাল্টি বিতর্ক

এক সন্ধ্যায় দুই সোনালি প্রজন্ম

সাফজয়ী অধিনায়ক রজনীর পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

হামজা-ফারহানকে ছাড়াও ভালো করার প্রতিশ্রুতি শমিতের

হ্যাটট্রিকের পরও কেন বাদ রোনালদো

মার্তিনেসকে ধুয়ে দিলেন ব্রিটিশ সাংবাদিক

কেন মিসরের সাংবাদিকের ভোট পাননি মেসি

ভয়াবহ চোটে মাঠেই জ্ঞান হারালেন নাইজেরিয়ার ফুটবলার

সাফের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ